গীতিকার-জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরী আর নেই

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

গীতিকার-জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরী আর নেই

জনপ্রিয় গীতিকার ও জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরীর মৃত্যু হয়েছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ছেলে আহমেদ সাফি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাউসার আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি, রক্তের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া, তার দুবার স্ট্রোকও হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি গায়ক এবং সুরকার বাপ্পা মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, “৭৫ বছর বয়সী তারকা জ্যোতিষী একাধিক স্বাস্থ্য জটিলতার সঙ্গে লড়াই করছেন এবং তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বি-পজিটিভ রক্ত প্রয়োজন।”

দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় “আপনার রাশি” নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাউসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠেন। এছাড়াও, তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং আরও অনেক সুপরিচিত গায়ক ও ব্যান্ডের বেশ কয়েকটি বিখ্যাত গানের রচয়িতা।

তার লেখা জনপ্রিয় কিছু গানের মধ্যে “কবিতা পড়ার প্রহর”, “যেখানে সীমান্ত তোমার”, “রূপালী গিটার”, “আজ এ বৃষ্টির কান্না দেখে” বিশেষভাবে উল্লেখযোগ্য।