২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ১০ হাজারের অধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত লোকজনের সংখ্যা ২৪ লাখের নিচে নেমে এসেছে।
সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল ইউরোপের দেশ জার্মানিতে। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত, স্পেন এবং ফ্রান্স। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৬০ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৮ লাখ সাত হাজার ছাড়িয়ে গেছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৬৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা ছয় শতাধিক কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৮ লাখ সাত হাজার ৩২২ জনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪০ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।
এ দিকে গত এক দিনে বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ১২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৯৭ হাজার দুইজন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ২০ হাজার ১৯৬ জন।
অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৫৪৭ জন। আর মারা গেছেন দুই হাজার ৩১২ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ২৩১ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন নয় লাখ ৩৯ হাজার ২৭০ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯২২ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৩৫৯ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৭১ লাখ ২৫ হাজার ৫১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৩৬ হাজার ১১১ জনের।
কোভিড সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার তাণ্ডবে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৯ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৯৮৮ জন। মহামারির থাবা শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চার কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ সাত হাজার ২০৮ জন।
গেল ২৪ ঘণ্টায় রাশিয়ায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭০১ জন। আর নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৭৬ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৯১ জনের।
ইউরোপীয় দেশ স্পেনে গত এক দিনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৫ জন। আর মারা গেছেন ৩৯৩ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮০ জনের।
গত ২৪ ঘণ্টায় ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৬০২ জন। আর মারা গেছেন ২৬৪ জন। একই সময়ে অঞ্চলটির আরেক দেশ ইতালিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩২৫ জনের।
এছাড়া শেষ এক দিনে ইউরোপীয় রাষ্ট্র ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৫ জন। আর মারা গেছেন ৩১০ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৭৮ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় কলম্বিয়ায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন আট হাজার ২৬৯ জন। আর মারা গেছেন ১৭৯ জন।
এছাড়া করোনায় সংক্রমিত হয়ে গেল এক দিনে দক্ষিণ আফ্রিকায় ২০৩ জন, আর্জেন্টিনায় ২৬৩ জন, কানাডায় ১৩১ জন, পোল্যান্ডে ২৬২ জন, গ্রিসে ৯৭ জন, হাঙ্গেরিতে ৯৯ জন, জাপানে ১৫৫ জন, ইরানে ১৩০ জন, রোমানিয়ায় ১৩৮ জন, ভিয়েতনামে ৭৪ জন এবং চিলিতে ১৬২ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ৭৪৩ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ১০ হাজার ৬২৭ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D