২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আমাদের দলের বক্তব্য খুব পরিষ্কার। আমরা মনে করি এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সেটা সার্চ কমিটি হোক আর যেই হোক। এ সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাব না, এ নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সার্চ কমিটি কেমন হয়েছে জানতে চাইলে টুকু বলেন, এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। সুতরাং কে থাকলো আর কে থাকলো না সেটা বিষয় না। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী না। আমাদের কথা হলো যে এমন একটি সরকার ও প্রশাসনের অধীনে নির্বাচন হবে যে প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। যেটা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে হয়েছে।
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ সরকারতো অনেক কিছুই বলে। এর আগেও বলেছিল এখন যারা আছে তারা নিরপেক্ষ লোক। নিরপেক্ষভাবে কাজ করবে। তারপরে আমরা যে কমিশন পেয়েছিলাম সেটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কমিশন ছিল। আর সবচেয়ে বড় কথা দেখা যাক কী হয়?
তিনি বলেন, নির্বাচনতো ইলেকশন কমিশন করে না। নির্বাচন করে প্রশাসন। আর প্রশাসন থাকে সরকারের অধীনে। এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণিত হয়ে গেছে।
নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করার দাবি করেছিলেন। সেই দাবি অনুযায়ী আইন হয়েছে। সেই আইনে সার্চ কমিটি করা হয়েছে। এর জবাবে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এ নেতা বলেন, আমাদের দল থেকে আইনের ব্যাপারে কেউ বলছে বলে আমার মনে হয় না। কেউ যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে আইনের ব্যাপারে কোনো মতামত দেওয়া হয়নি। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, ম্যাডাম যখন বাইরে ছিলেন তখনও বলেছেন যে, এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এখনও আমরা মনে করি এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং এ সরকার ক্ষমতায় থেকে যে নির্বাচন করবে সেই নির্বাচন যত বড়ই কমিশন গঠন করুক না কেন কোনো কিছুতে কিছু হবে না।
আমি মনে করি দেশের মানুষ বিশ্বাস করে এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এ সরকারের অধীনে নির্বাচন হলে জাতীয় নির্বাচনে আমরা যেটা আগে দেখেছি, সেভাবে মানুষ ভোটও দিতে যাবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D