শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, পুলিশি অ্যাকশন হয়েছে, এটি দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। যে কারণে তারা আন্দোলন করেছেন, সেই সকল দাবির পক্ষে আমরাও। আমরা সমস্যার সমাধান করবো।

বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার আস্থা আছে। আমি মনে করি, আমার প্রতিও তাদের আস্থা রয়েছে। নিশ্চয় তারা আন্দোলন প্রত্যাহার করে নেবেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনশনের অষ্টম দিন আজ সকালে অনশন ভেঙেছেন তারা। আমরা এতে আনন্দিত। যা ঘটেছে তা সুষ্ঠুভাবে দেখার সুযোগ হলো। যারা আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সব সমস্যার সমাধান করতে চাই। আশা করি, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন।

তিনি বলেন, শাহজালালে যেসব সমস্যার কথা বলা হয়েছে তা প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা সবগুলো সমাধান করবো। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে প্রধানমন্ত্রী অবহিত আছেন। প্রধানমন্ত্রীর প্রতিও শিক্ষার্থীদের আস্থা রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট