লিবিয়ার উপকূলে ভাসছে ২৭ অভিবাসীর লাশ

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

লিবিয়ার উপকূলে ভাসছে ২৭ অভিবাসীর লাশ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে এক শিশু ও দুই নারীসহ মোট ২৭ জনের মরদেহ ভেসে এসেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে অভিবাসীদের বহনকারী নৌযান ডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার কর্মকর্তারা বলছেন, শনিবার সন্ধ্যার দিকে লিবিয়ার উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে লাশগুলো পড়ে ছিল। রাজধানী ত্রিপোলি থেকে খোমসের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল)।

ভেসে আসা এই মরদেহগুলোতে এরই মধ্যে পচন ধরেছে উল্লেখ করে লিবিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, লাশগুলোতে পচন ধরেছে। এ থেকে বোঝা যায়, নৌযান ডুবির ঘটনা বেশ কয়েকদিন আগের।

লিবিয়ার মিডিয়াগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সৈকতে এক সারিতে ব্যগবিন্দ অবস্থায় পড়ে আছে লাশগুলো।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানব পাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যপার। জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযান ডুবিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫শ অভিবাসন প্রত্যাশীর।

বিশ্লেষকদের মতে, সমুদ্রের বৈরী আবহাওয়ার পাশাপাশি ত্রুটিযুক্ত নৌযান ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেও ঘটে দুর্ঘটনা।

উল্লেখ্য, গত সপ্তাহে লিবিয়ার উপকূলে নৌযান ডুবে ১৬০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই শনিবার খোমস শহরের উপকূলে মরদেহগুলো ভেসে এলো। সামনের দু-একদিনে আরও লাশ আসতে পারে বলে মনে করছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট