১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১
জলবায়ু সঙ্কটের কারণে বাস্তু হারিয়ে যারা অভিবাসী হয়েছে তাদের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হওয়া জলবায়ু অভিবাসীদের দায়িত্ব বিশ্বকে অবশ্যই ভাগ করে নিতে হবে।
সংবাদ সংস্থা বাসস জানায়, বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে স্কটল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে আয়োজিত ‘কল ফর ক্লাইমেট প্রসপারিটি’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্বনেতাদের প্রতি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতোমধ্যে ৬০ লাখ মানুষ জলবায়ু সঙ্কটের কারণে বাস্তুচ্যুত হয়েছে। অতিরিক্ত আরও ১১ লাখ রোহিঙ্গার ভার বইতে হচ্ছে। এ সমস্যার মোকাবিল করা আরও কঠিন করে তুলেছে করোনা মহামারি।
স্কটিশ পার্লামেন্টে কমিটি কক্ষে এ আয়োজনে ‘আ বাংলাদেশ ভিশন ফর গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি’ শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনা। স্কটিশ পার্লামেন্টে পৌঁছালে স্পিকার অ্যালিসন জনস্টোন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও সিভিএফ দূত সায়মা ওয়াজেদ হোসেন।
জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং ভালনারেবল২০ (ভি২০) সভাপতি শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন, কার্যকর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়নই হতে পারে সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি।
এমসিপিপি (মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান) সফলভাবে বাস্তবায়নের জন্য কিছু সুপারিশ তিনি তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশগুলেকে অবশ্যই নির্গমন কমিয়ে আনার ব্যাপকভিত্তিক জাতীয় পরিকল্পনা (এনডিসি) ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার যে অঙ্গীকার উন্নত দেশগুলো দিয়েছে, তাদের তা অবশ্যই পূরণ করতে হবে। ঝুঁকিতে থাকা দেশগুলোকে এক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিতে হবে।
আর এই অর্থায়ন হতে হবে বিদ্যমান উন্নয়ন সহায়তার অতিরিক্ত। বিভিন্ন জলবায়ু তহবিলের মধ্যে সমন্বয় রাখার ওপরও জোর দেন শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D