এইচএসসির ফরম পূরণ শুরু ১২ আগস্ট

প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১

এইচএসসির ফরম পূরণ শুরু ১২ আগস্ট

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১২ আগস্ট। ঢাকা শিক্ষা বোর্ড গতকাল শনিবার এই নির্দেশনা দিয়েছে। অনলাইনে এই কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। ফরম পূরণের কার্যক্রম চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষা হবে না জানিয়ে এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশনায় ফরম পূরণের ফিও কমিয়ে আনা হয়েছে।

এর আগে গত ২৫ জুন এইচএসসির ফরম পূরণের নির্দেশনা দেয়া হলেও মহামারী পরিস্থিতির অবনতি হওয়ায় দু’দিন পরই তা স্থগিত করা হয়।

অনলাইনে ফরম পূরণ ও ফি দেয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না, প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে।

মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করেছিল সরকার।

এবার ডিসেম্বরের শুরুতে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের উপর এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ফরম পূরণের জন্য এবার বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট