১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০
আর অনি চৌধুরী : পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন কুলাউড়া রেল কলোনির প্রায় আড়াই’শ পরিবার। গত ১ মাস ধরে পানি সংকট তীব্র আকার ধারণ করছে কুলাউড়া রেল কলোনি এলাকায়।
প্রচন্ড দাবদাহে পানির চাহিদা থাকলেও বর্তমানে পানি সংকটে দৈনন্দিন জরুরি কাজও ঠিকমতো করা যাচ্ছে না। এ অবস্থায় স্থানীয়রা দৈনন্দিন কাজে বৃষ্টির পানি সংরক্ষণ করছেন। কেউ কুয়োর পানি কিংবা পুকুরের নোংরা পানি দিয়েই গোসলসহ ধোয়া-মুছার কাজ সারছেন। কুয়া কিংবা পুকুরের নোংরা পানি ব্যবহার করায় এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরলেও কোন সুরাহা মিলছে না বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় আড়াই’শ পরিবারের লোক কলোনি এলাকায় রয়েছেন। দীর্ঘ প্রায় ১ মাস থেকে পানি সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এসব পরিবারের লোকজন। কলোনি এলাকার কোথাও সুপেয় পানি না পেয়ে রেলওয়ে জামে মসজিদ ও জুনিয়র হাইস্কুল এলাকায় স্থাপিত দুটি ডিপ টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের কর্মরত একজন স্টাফ জানান, কর্তৃপক্ষের গাফলতির কারণে ১ মাসের উপরে পর্যাপ্ত পানির অভাবে দিন পার করতে হচ্ছে। পানির পাম্প নষ্ট হওয়ার পর কয়েকবার মেরামত করা হয়েছে। সারাদিনে একবার পানি সরবরাহ করলে ১ কলস পানিও তুলতে পারি না। পর্যাপ্ত পানি না পাওয়ায় দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে পরিবার-পরিজন নিয়ে।
কলোনি এলাকার আরেক বাসিন্দা জানান, অসচ্ছল পরিবার যাদের পানির পাম্প কেনার সামর্থ নেই তাদের বেশিরভাগ মানুষ লাইনে দাঁড়িয়ে খাওয়া ও রান্নার পানি সংগ্রহ করছেন। পানির অভাবে মানবেতর জীবনযাপন করছি আমরা।
সরেজমিন দেখা যায়, কুলাউড়া রেলওয়ে জুনিয়র হাইস্কুলে অবস্থিত ডিপ টিউবওয়েলের পানির জন্য লাইনে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। কেউ কেউ বালতি, ড্রামসহ বিভিন্ন ধরনের পাত্র নিয়ে পানি সংগ্রহ করছেন। পানি সংকটের কারণে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। রান্নার কাজসহ শিশুদের নিয়েও ভুগছেন মায়েরা।
স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, পানির পাম্প নষ্ট থাকায় পানি সংগ্রহ ও সরবরাহ করা হচ্ছেনা। আর নষ্ট পাম্প সচল করতে কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছেনা। তাই পানি না পেয়ে সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন তারা। তাছড়া কলোনি এলাকায় একটি কুয়া থেকে কলস দিয়ে নোংরা পানি সংগ্রহ করতে দেখা গেছে একজন মহিলাকে।
জানা যায়, রেল কলোনি এলাকায় নির্ধারিত ট্যাংক থেকে প্রতিদিন দুইবার কলোনি এলাকার মানুষের মাঝে পানি সরবরাহ করা হতো। তাও আবার চাহিদার তুলনায় অপর্যাপ্ত। কিন্তু গত প্রায় ১ মাস যাবৎ পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এখানকার মানুষ পানির জন্য দুর্বিসহ জীবন-যাপন করছেন।
কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, ডিপ টিউবওয়েলের পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না। নতুন আরেকটি ডিপ টিউবওয়েল না বসানো পর্যন্ত এই সমস্যা কাঠিয়ে ওঠা সম্ভব হচ্ছেনা বলে তিনি জানান পানি সংকটের কারণে কলোনির অবৈধ লাইনগুলোও বিচ্ছিন্ন করা হয়েছে।
জানতে চাইলে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন বলেন, পানির পাম্প মেরামত ও পানি সরবরাহ আমার বিভাগের কাজ নয়। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D