২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
ইসলামাবাদ : মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো ঘাঁটিতে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। -খবর রয়টার্সের
ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সান ডিয়াগো ঘাঁটিতে একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন আহত হয়েছেন বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। এক বিবৃতিতে বলেছে মার্কিন নৌবাহিনী জানিয়েছেন, আহত ১৭ জন নাবিক ও চার জন বেসামরিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জখমে প্রাণ সংশয়ের হুমকি নেই। আগুনে যুদ্ধজাহাজ ইউএসএস বনহোম রিচার্ডের নাবিকরা ‘সামান্য আহত’ হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রোববার সকালে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিশিয়া কোয়েজবার্গার সিনএএনকে জানিয়েছেন। রোববার সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল ফিলিপ সোবেক সাংবাদিকদের জানান, আহত সৈন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে। রোববার বিকালে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ন্যাভাল সার্ফেস ফোর্সেস এক টুইটে জানায়, সব ক্রু যুদ্ধজাহাজটি থেকে নেমে গেছেন এবং কেউ নিখোঁজ নেই। জাহাজটিতে প্রায় ১৬০ জনের মতো লোক ছিল। সান ডিয়াগো ফায়ার-রেসক্যু বিভাগ তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে একটি বিস্ফোরণও ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটিকে বন্দরে রাখা হয়েছিল। ৮৪৪ ফুট লম্বা জাহাজটির অধিকাংশ অংশ কয়েক ঘণ্টা ধরে ঘন কালো ও কটু গন্ধে ভরা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল আর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়া দেখা যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স। এ সময় দমকলের ছয়টি অগ্নিনির্বাপক জাহাজ থেকে যুদ্ধজাহাজটিতে পানি ছিটানো হচ্ছিল।
জ্বলন্ত জাহাজটির কাছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী দুটি ডেস্ট্রয়ার, ইউএসএস ফিটজেরাল্ড ও ইউএসএস রাসেল, নোঙর করা ছিল; এই দুটি যুদ্ধজাহাজকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় বিকাল ৩টা থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ কমে আসতে শুরু করে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। আগুনের উৎস ও কারণ তখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি বলে জানান সান ডিয়াগোভিত্তিক নৌবাহিনীর মুখপাত্র মাইক রেইনি। তাৎক্ষণিকভাবে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। রক্ষণাবেক্ষণের জন্য আনার সময় বন্দরে ঢোকার আগেই পূর্ব সতর্কতা হিসেবে যুদ্ধজাহাজ থেকে সব যুদ্ধোপকরণ সরিয়ে নেওয়া হয় বলে রয়টার্সকে জানান তিনি। জাহাজটির পানির লাইনের নিচে আগুনের সূত্রপাত হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল, এই সময়ে আগুন সম্ভবত জাহাজটির জ্বালানি সরবরাহ লাইনেও ছড়িয়ে পড়েছিল বলে ঘটনাস্থল থেকে রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন বেসামরিক ঠিকাদার। ১৯৯৮ সালে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত হয় ইউএসএস বনহোম রিচার্ড। মার্কিন মেরিন কোরের সমর হেলিকপ্টার ও স্থল সৈন্যদের যুদ্ধক্ষেত্রে বহন করে নিয়ে যাওয়ার জন্য এই জাহাজটি তৈরি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D