সামাজিক দূরত্ব ও সুরক্ষা মেনে শুরু হচ্ছে বিমান চলাচল

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ২, ২০২০

সামাজিক দূরত্ব ও সুরক্ষা মেনে শুরু হচ্ছে বিমান চলাচল

সীমিত পরিসরে ফ্লাইট চালু হতে পারে ৮ মে থেকে


৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছেবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) । শনিবার (২ মে) এই তথ্য নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান।

তিনি বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুনরায় চালু করার অনুমতি দেয়া হবে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব এয়ারলাইন্স ও বিমানবন্দরকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

তবে, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে বেবিচক। এ প্রসঙ্গে এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান বলেন, “অনুমতি দেয়া হলেও স্বাস্থ্য নির্দেশনা বজায় রাখা জরুরি। একটি এয়ারলাইন্সকে সর্বোচ্চ ৭০-৭৫ শতাংশ যাত্রী বহন করার অনুমতি দেয়া হবে এবং ফ্লাইটের সংখ্যা সীমিত রাখা হবে।”

এর আগে ২১ মার্চ বাংলাদেশ আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করে। পরে ২৪ মার্চ সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সব অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচল কার্যক্রম স্থগিত করে।