২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্যাকেজের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘চোখ-কান থাকতে অন্ধ-বধিরের মতো আচরণ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন, এতে মনে হয়েছে প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন, সেটা না পড়ে, না বুঝে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রীর এই অর্থনৈতিক পাকেজ ঘোষণার পর, তারা সরকারকে ধন্যবাদ জানাবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা ধন্যবাদ জানানোর সংস্কৃতিটাই লালন করে না। সে কারণে বিএনপি এবারও চিরাচরিত গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
এই প্যাকেজ ঘোষণার আগে থেকেই সরকার দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ড. হাছান বলেন, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এখানে (প্যাকেজে) দরিদ্র মানুষের কোনও কথা নেই, এখানে দিনে আনে দিনে খায় এমন মানুষের কোনও কথা নেই— এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কথা বলেছেন। এই সংবাদ সম্মেলন করার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জানা উচিত ছিল, বিএনপির মতো একটি বড় দলের মহাসচিবের দায়িত্বে থেকে বিষয়গুলো খতিয়ে দেখে বক্তব্য রাখা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক এই প্যাকেজে কৃষক, মৎস্যখামারি, হাঁসমুরগি পালনকারীদের ক্ষতি পোষাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব খাতে কোনও বরাদ্দ দেওয়া হয় নাই। আসলে তিনি চোখ-কান থাকতেও অন্ধ ও বধিরের মতো আচরণ করছেন।
স্বাস্থ্য খাতের বিষয়েও মির্জা ফখরুলের অভিযোগ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে চলতি বাজেটে ২৫ হাজার পাঁচশ’ ৮০ দশমিক ৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণার আগেই পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থাসহ করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। যেগুলো মির্জা ফখরুল হয়তো জেনেও না জানার ভান করছেন। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই সারাদেশে সাড়ে তিন লাখেরও বেশি পিপিই বিতরণ করেছে।
সরকার জনগণকে ঘরে রাখতে ব্যর্থ হয়েছে— মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মানুষ কার্যত ঘরেই অবস্থান করছে। জনগণের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনাও পালন করতে জনগণ সচেষ্ট। কিন্তু সমগ্র দেশের মানুষ যেখানে ঘরে অবস্থান করছে, আমরা দেখতে পেলাম, খালেদা জিয়া যেদিন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যলয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেলেন, তারা বঙ্গবন্ধু মেডিক্যালের সামনে হাজার হাজার মানুষকে জড়ো করলেন। বাড়ির সামনে জমায়েত করলেন। যেখানে ২৬ মার্চের জাতীয় সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বাতিল করা হয়েছে, অথচ তারা হাজার হাজার মানুষ জমায়েত করেন। তারাই আবার দোষারোপের রাজনেীতি করেন।
মন্ত্রী বলেন, তারা (বিএনপি) পড়ে, জেনে, শুনে পরামর্শ দিতে পারেন, কিন্তু অন্ধের মতো নয়। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, করোনাভাইরাসের মহাদুর্যোগ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। এখন একে অপরকে দোষারোপের, বাদানুবাদের সময় নয়। একে অপরের হাত ধরে মানুষের পাশে দাঁড়ানোর সময়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D