রাজধানীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, কমিটি গঠন নিয়ে অনিয়ম আর বাণিজ্যের অভিযোগ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

রাজধানীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, কমিটি গঠন নিয়ে অনিয়ম আর বাণিজ্যের অভিযোগ

সিলেট সংবাদ : ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হন। কমিটি বাণিজ্যের মাধ্যমে প্রাপ্ত অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর তিনশ ফিটে কাফরুল থানা ও শাহ আলী থানার নেতাকর্মীদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাদের বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগামী বুধবার কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে সফল করার পাশাপাশি থানা কমিটিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে কমিটি গঠন নিয়ে অনিয়ম আর বাণিজ্যের অভিযোগ তুলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে এক পক্ষের লাঠির আঘাতে শাহ আলী থানা যুবদলের সভাপতি মেরাজের মাথা ফেটে যায়। এছাড়া আরও একজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। কর্মসূচি নির্ধারণ করতেই তারা বৈঠকের আয়োজন করেছিলেন।

তবে টাকা ভাগাভাগি করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় বলে জানিয়েছেন মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা।