বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই : ওবায়দুল কাদের

ঢাকার সিটি নির্বাচনেও বিদ্রোহীদের সমস্যা ছিল। কিন্তু শেষে সেটিও সমাধান হয়েছে। তাই বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে এত আলোচনা কিংবা উদ্বেগের কোনো কারণ নেই।

রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কর্ণফুলী টানেলে কর্মরত চীনা নাগরিকদের বিষয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাব টানেলে কর্মরতদের ওপর পড়ার সুযোগ নেই। কারণ ২৯৩ চীনা নাগরিকের মধ্যে নববর্ষের ছুটিতে ছিল ৭৩ জন। ছুটি থেকে ফিরে এসেছে ৪৫ জন। তাদের মধ্য থেকে ২৮ জন সব ধরনের পরীক্ষা শেষ করে কাজে যোগ দিয়েছেন। বাকি ১৭ জন এখনো প্রক্রিয়াধীন।

এ সময় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।