দেশে অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

দেশে অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীর অধিকারও থাকবে না। বাংলাদেশ সেটি যে আজকে নাই তাই বারবার প্রমাণিত হচ্ছে।

আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নারীদের যতটুকু উন্নয়ন, যতটুকু প্রাপ্তি হয়েছে সেটা একদিনে আসেনি। এটা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ বাংলাদেশে যখন নারী দিবস পালন হচ্ছে তখন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি এই দেশের নারীদের জন্যে বহু রকমের উন্নয়নমূলক কাজ করেছেন সেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র মুক্তি পাবে না। নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না। খালেদা জিয়া নারীদের জন্য বহু কাজ করেছেন। নারীশিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি তিনি করেছেন সেটি হল নারীদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী দিবসে আপনাদেরকে শপথ নিতে হবে- আন্তর্জাতিক নারী দিবসে শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে লড়াই-সংগ্রাম করতে হবে।

এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।