রাকিল হোসেন : হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে মিনিবাস। এতে ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। আহতদের প্রেরণ করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী একটি মিনিবাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার কান্দিরগাঁও নামক স্থানে পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে মিনিবাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের ধারণা তারা নারায়নগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালসহ কর্মকর্তারা।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, ধারণা করা হচ্ছে তারা সিলেটে বেড়াতে যাচ্ছিল। কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। আহতদের অবস্থাও আশংকাজনক। নিহত ও আহতদের পরিবারকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।