ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয় : কাদের

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয়। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাই না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু।

বুধবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলার নেতাদের সদস্য সংগ্রহের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রধান মিত্র দেশ ভারত। কাজেই ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণতা পায় না। মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আমন্ত্রণের বিরোধিতাকারীদের কড়া সমালোচনাও করেছেন তিনি।

তিনি বলেন, নরেন্দ্র মোদীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ভারতের প্রতিনিধি হিসেবে। সে ভারত থেকে প্রতিনিধিত্ব করবে, ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণাঙ্গ রূপ পাবে না।

তিনি আরও বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ভারত আমাদের উন্নয়নের সহযোগী। ভারতের সঙ্গে এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব। তারা (বিএনপি) ক্ষমতার জন্য দাসত্ব করতেও প্রস্তুত। এটার বড় প্রমাণ নরেন্দ্র মোদী যখন নির্বাচিত হলেন, তখন ঢাকার ভারতীয় দূতাবাসের অফিস খোলার আগেই বিএনপির প্রতিনিধিরা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে আমরা জেলা পর্যায়ে এই নির্দেশনা পাঠিয়েছি, যাতে বিতর্কিত কেউ প্রাথমিক সদস্য হতে না পারে। আমাদের নতুন সদস্য সংগ্রহ বা নবায়ন কার্যক্রমে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে বলে দিয়েছি সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদখলকারী, মাদক কারবারি ও স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট