৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২০
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দুই দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি। খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নয়, তিনি সব মানুষের মুক্তির নেতা। এ কারণে তার গুরুতর অসুস্থতা আমাদের সবাইকে ভীষণ উদ্বিগ্ন করেছে। গত দুই বছর যাবত আমরা একদিকে আইনি প্রক্রিয়ায় লড়ছি, অন্যদিকে রাজনৈতিকভাবে তাকে মুক্ত করার চেষ্টা করছি।
রবিবার (১ মার্চ) সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার সমস্ত মানবিকবোধ ধ্বংস করে দিয়েছে। আজ তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক কারণেই তার জামিন হচ্ছে না। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি হবে।
এ সময় বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধিতে জনগণের কোনো সমস্যা হবে না; আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তারা জনগণের ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট বুঝতে পারে না। জনগণের দুঃখ-দুর্দশা বোঝার মতো ক্ষমতা তাদের নেই। দেশের জনগণ এখন তাদের থেকে মুক্তি চায়।
তিনি বলেন, বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর বিষয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা দাবি জানিয়েছি, বিদ্যুৎ-পানির মূল্য না বাড়াতে। এজন্য আমরা প্রতিবাদ হিসেবে আগামী সোমবার (২ মার্চ) সারা দেশে মানববন্ধনের ডাক দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবসহ অনেক নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D