২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
র্যাব ও পুলিশকে ব্যারাকে রেখে আওয়ামী লীগকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১২ বছরে ৩৫ লাখ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ এক হাজার মামলা দেয়া হয়েছে অথচ সরকার মশকরা করে বলে বিএনপির আন্দোলন করতে জানে না। আপনারা আওয়ামী লীগ তো আন্দোলন করতে জানেন তাহলে পুলিশ-র্যাবকে ব্যারাকে রেখে রাজপথে আসেন। আওয়ামী লীগ আন্দোলন করতে জানে নাকি বিএনপি আন্দোলন করতে জানে- সেটা আমরা তখন রাস্তায় দেখিয়ে দিবো। বুধবার ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামক একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় ‘অন্তরে মম শহীদ জিয়া’ এর উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নির্বাহী কমিটির সাদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, কৃষক দলের সদস্য লায়ন মো: আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ড. মঈন খান বলেন, প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকা যায় কিন্তু মানুষের অন্তরে কোনদিন স্থান পাওয়া যায় না। হুমকি-ধমকি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু কোনদিন মানুষের মন জয় করা যায় না। তিনি বলেন, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের ইতিহাস দেখুন। তারা চিরদিন একই নীতিতে চলছে। তারা মানুষকে ভয় দেখিয়েছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে। আমি সেই ইতিহাস পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা নিজেরাই দেখেছেন ২০০৬ সালে কিভাবে লগি-বৈঠা দিয়ে রাস্তায় মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপি সেই নির্যাতন-অত্যাচারে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও উদারনৈতিক একটি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি।
ড. মঈন খান বলেন, ভোটের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, ভোটের মাধ্যমে এদেশের ক্ষমতার পদ পরিবর্তন করতে হবে এটা আমরা বলি এবং করি। আর সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদেশে ক্ষমতার পরিবর্তন চাই।
তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় সেটা আমরা স্বীকার করছি। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন দেশে অত্যাচার-নির্যাতন চালিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করেছিল কিন্তু তারা কোন সময় চিরদিন টিকে থাকতে পারেনি। এটাই হচ্ছে প্রকৃত সত্য এবং প্রকৃত ইতিহাস।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে আমরা মুক্ত করবো। তাকে মুক্ত করে এনে তার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবোই ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D