১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে টালমাটাল সিলেট। প্রশ্নবিদ্ধ একপেশে কমিটির কারণে ইমেজ সংকটে রয়েছে যুবদলের হাইকমান্ড।
২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার : নেতাকর্মীদের ভাষ্যমতে, একপেশে পকেট কমিটি ঘোষনায় দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে, আর এই দুর্নীতির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে বিভেদ তৈরি হয়েছে যুবদলে। সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে আলোচনার মধ্য দিয়ে সমঝোতার চেষ্টার পর আবারও সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির পক্ষের ও বিদ্রোহী নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। একই দিনে একই স্থানে দু’গ্রুপে নেতাকর্মীরা পৃথক পৃথক সমাবেশ ও কর্মীসভার ডাক দিয়েছেন। আগামী শুক্রবার বেলা ২টায় সিলেট রেজিস্টারী মাঠে বর্তমান আহবায়ক কমিটির কর্মী সভা ও সাবেক কমিটির যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় নগরবাসী।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত তারেক, জেলা সদস্য সচিব মকসুদ আহমদ আগামী শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারি মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে জানান। সভায় যুবদলের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।
অপরদিকে রাত সাড়ে ৯টায় এক প্রেস বার্তায় সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওই দিন একই সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশের ডাক দেয়া হয়েছে। যুব সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে।
এদিকে একই দিনে একই স্থানে যুবদলের উভয় গ্রুপের কর্মসুচী হওয়ায় নগরীতে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবারও যুবদল মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের ডাক নিয়ে মাঠের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে রেজিস্টারী মাঠে শুক্রবার দুপুর ২টায় যুব সমাবেশে আয়োজন করা হয়েছে। যুব সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে। সমাবেশ ও মিছিলের অনুমতি আনতে তারা প্রশাসনের কাছে আবেদন করেছেন।
সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, উক্ত কর্মী সভায় যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তাছাড়া এক সপ্তাহ পূর্বে থেকে এ কর্মী সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও অনুমতি পেয়েছেন। হঠাৎ করে যদি অন্য পক্ষ একই স্থানে সভা ডাকেন এটা নিশ্চয় বিভ্রান্তিকর।
এদিকে বঞ্চিতরা বলছে কমিটি গঠনে দুর্নীতির অভিযোগে যাদের নাম এসেছে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
তবে- এ ব্যাপারে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, দু’পক্ষের কর্মসূচী সম্পর্কে তিনি কিছু জানেনা। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলে পুলিশ শক্তহাতে তা প্রতিহত করবে।
আজ (২৮ নভেম্বর) সভা করেছে বিদ্রোহী নেতাকর্মীরা
নগরীর নয়াসড়কে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী। সভায় যুবদলের সকল উপজেলা, থানা, ওয়ার্ড কমিটির সকলকে যথাসময়ে রেজেস্টারি মাঠে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সম্পাদক আব্দুশ শুক্কুর, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, কোহিনূর আহমদ,ফয়জুল ইসলাম তীর, আব্দুস সামাদ তোহেল, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জেলা ও মহানগর যুবদল নেতা আলাউদ্দিন আলাই, মন্তাজ হোসেন মুন্না, হাজি মামুন আল রশিদ হেলাল, শফী আহমদ খান,নুরুল কিবরিয়া,দুলাল আহমদ,মিজান আহমদ,সাব্বীর আহমদ চৌধুরী,রুয়েল খান,আলী আহমদ, শাকিল আহমদ খান, জয়নাল আবেদিন, টিটন মল্লিক, আমির হাাসান শামিম, মুহিবুর রহমান মহির, ইকবাল কামাল, নুরুল আলম বাবলু, মোজাম্মেল আলম সাদ্দাম, বাবুল মিয়া, আঙ্গুর আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D