১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
২৬ নভেম্বর ২০১৯, মঙ্গলবার : আগামী ৭ দিনের মধ্যেই সিলেট জেলা বিএনপির আওতাধীন ১৭টি শাখার আহবায়ক কমিটি গঠন করা হচ্ছে। প্রতিটি কমিটিতে একজনকে আহবায়ক করে ও ২০ জনকে সদস্য রাখা হচ্ছে। ছোট্ট পরিসরের কমিটিতে নিজেদের স্থান করে নিতে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা প্রতিদিন সিলেট শহরে এসে জেলার সিনিয়র নেতাদের কাছে ধরণা দিচ্ছেন। বিগত দিনে নিজের ত্যাগ, নির্যাতন, মামলাসহ, জেল-জুলুমের কথা তুলে ধরছেন জেলা বিএনপি নেতাদের কাছে। যাতে করে কমিটিতে নিজের নাম বাদ না পড়ে।
গত ১৬ নভেম্বর সিলেট জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় নগরীর একটি হোটেলে। সভায় চুলচেরা বিশ্লেষণ করে জেলা বিএনপির নেতারা সিলেটের ১৩ উপজেলা ও ৪টি পৌরসভা বিএনপির আহবায়কের নাম চূড়ান্ত করেন। সিলেটভিউ এর কাছে কমিটির একটি তালিকা এসে পৌঁছে। সিলেটের ১৩ উপজেলা ও ৪টি পৌর কমিটির আহবায়কের নাম উল্লেখ করে সিলেটভিউতে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু জেলা বিএনপি নেতারা বিবৃতির মাধ্যমে আহবায়কদের নাম প্রকাশ করেন নি। এতে ধোঁয়াশা কাটছেনা সংশ্লিষ্ট আহবায়কদের মাঝে। তাদের অনেকেই রয়েছেন সন্ধিহান। অনেকের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, কমিটি বদল হচ্ছেনাতো?
জেলা বিএনপির আহবায়ক কমিটির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, যাদের নাম জেলা বিএনপির বর্ধিত সভায় চূড়ান্ত করা হয়েছে তাদেরকে দিয়েই পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করা হচ্ছে। তবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ জানান, আমরা কারো নাম আনুষ্ঠানিক ঘোষণা করিনি। তবে এক সপ্তাহের মধ্যেই সকল কমিটি ঘোষণা করা হবে। এ বিষয় নিয়ে জেলার দায়িত্বশীল নেতারা কাজ করছেন বলে জানান তিনি।
দলীয় সুত্রে জানা গেছে, জেলা বিএনপির বর্ধিত সভায় যাদের নাম ঠিক করা হয়েছিল তাদেরকে দিয়েই আহবায়ক কমিটি গঠনের কাজ চলছে। আহবায়ক কমিটির বাকি সদস্যের নাম খসড়া তালিকা করা হচ্ছে। জানা গেছে, যাদেরেকে আহবায়ক মনোণীত করা হয়েছে তাদেরকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে জেলা বিএনপি। বিভিন্ন শাখায় দায়িত্বপ্রাপ্ত আহবায়করা বাকি ২০ জনের নামসহ ২১ সদস্য বিশিষ্টের কমিটির তালিকা জমা দিচ্ছেন জেলা নেতাদের কাছে। ইতিমধ্যে কয়েকটি শাখা বিএনপির কমিটি জমা পড়েছে জেলার দায়িত্বশীলদের কাছে। জেলার নেতারা এসব কমিটি যাচাই-বাছাই করছেন বলে জানিয়েছেন এক বিএনপি নেতা।
তবে অভিযোগ রয়েছে, এসব কমিটিতে নিজেদের পাল্লা ভারী করতে মনমত নেতাদের নাম দিচ্ছেন। যাতে করে সম্মেলনে নিজেদের ভোটার তৈরী করা যায়, সে ভাবেই কমিটির তালিকা জমা দিচ্ছেন জেলা নেতাদের কাছে। বিভিন্ন আহবায়করা যেসব তালিকা জমা দিচ্ছেন সে তালিকায় নিজেদের নাম শতভাগ নিশ্চিত করার জন্য উপজেলা ও পৌর বিএনপির অনেক নেতারা দলের সিনিয়রদের কাছে লবিং করছেন বলে জানা গেছে। আবার বিভিন্ন জায়গার সংশ্লিষ্ট আহবায়ক অনেক ত্যাগীদের নাম বাদ দিয়ে কমিটি জমা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে এ প্রতিবেদকের কাছে। আর বাদ পড়া নেতারা নিজেদের নাম নিশ্চিত করতে জেলা বিএনপির নিজ বলয়ের নেতাদের কাছে এসে নালিশ করার খবরও পাওয়া গেছে।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ জানিয়েছেন, আহবায়ক কমিটি গঠন নিয়ে কাজ করছে জেলা শাখা। কমিটি ঘোষণা করতে বেশি দেরী করা হবেনা। এক প্রশ্নের জবাবে আলী আহমদ বলেন, সকল কমিটি একসাথে ঘোষণা দেয়ার লক্ষ্যে কাজ চলছে।
গত ১৬ অক্টোবর জেলা বিএনপির বর্ধিত সভায় ১৭টি কমিটির আহবায়কের নাম চূড়ান্ত করা হয়। তাঁরা হলেন জৈন্তাপুর উপজেলায় এ বি এম জাকারিয়া, গোয়াইনঘাটে আব্দুল হেকিম, দক্ষিণ সুরমায় সিরাজুল ইসলাম, বালাগঞ্জে আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জে মনাফ হাজী, বিশ্বনাথে গৌছ খান, ওসমানীনগরে ফরিদ আহমদ, গোলাপগঞ্জে আব্দুল গফুর, বিয়ানীবাজারে এডভোকেট জুবায়ের, বিয়ানীবাজার পৌরসভায় নুরুল হোসেন বাবুল, জকিগঞ্জ পৌরসভায় ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলায় আখতার হোসেন রাজু, কানাইঘাটে আব্বাস উদ্দিন, কানাইঘাট পৌরসভায় আবিদুর রহমান, সদর উপজেলায় তারেক কালাম, ফেঞ্চুগঞ্জে ইফতেখার উদ্দিন ফেদল ও গোলাপগঞ্জ পৌরসভায় হাসান আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D