ওসমানীনগর উপজেলা বিএনপি-অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী কারাগারে

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

ওসমানীনগর উপজেলা বিএনপি-অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী কারাগারে

সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর সোমবার সিলেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। আদালত শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ নয়জন হলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ বকুল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাব, উপজেলা বিএনপি নেতা ইমরান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ ও যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া।

এদিকে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোয় নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসামুলক বিচারের রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ওসমানীনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।’

অবিলম্বে খালেদা জিয়াসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও নেতাকর্মীদের উপর গ্রেফতার নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট