লোভাছড়ায় ৭টি শ্যালো মেশিন ধ্বংস

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

লোভাছড়ায় ৭টি শ্যালো মেশিন ধ্বংস

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ৭টি শ্যালো মেশিন ধ্বংস ও ৭টি পাথর উত্তোলনের নৌকা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সরকারী নির্দেশ অমান্য করে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় এ অভিযান পরিচালিত হয়। খবরটি ছড়িয়ে পড়লে অনেক অসাধু পাথর ব্যবসায়ী তাদের পাথর উত্তোলন কাজের যন্ত্রপাতি সরিয়ে ফেলেন এবং শ্রমিকরা পালিয়ে যায়।

উল্লেখ্য, লোভাছড়া পাথর মহালের লীজের মেয়াদ শেষ হওয়ায় আদালতের নির্দেশে বর্তমানে পাথর উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কতিপয় পাথর ব্যবসায়ী অবৈধভাবে শ্যালো মেশিন ও নৌকা দিয়ে প্রতিদিন পাথর উত্তোলন করে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জানান, লোভা কোয়ারী থেকে পাথর উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ রয়েছে। এমতাবস্থায় কেউ পাথর উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, লোভাছড়া বিওপি ক্যাম্পের সহকারী বিওপি কমান্ডার হাবিলদার মো. শমসের আলী, ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল হালিম, সদর তপশীল অফিসের উপ সহকারী কর্মকর্তা শরিফ আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট