১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৮৮জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে পল্টন থানা পুলিশ।
এসব মামলায় নাশকতা, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ এবং পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগ এনেছে। এরই মধ্যে পুলিশ ৬৬জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সময়ে সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির সিনিয়র সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। তবে বেবী নাজনীনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। আর বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নিপুণ রায় চৌধুরীকে।
পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিপুন রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
মহানগর গোয়েন্দা পুলিশ পূর্ব বিভাগের উপ-কমিশনার খন্দকার নুরুন্নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিপুন রায়কে আমরা অ্যারেস্ট করেছি। তিনি বুধবারের ঘটনার মামলার আসামি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা।
এরপর পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলায় ইতোমধ্যে ৬৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় নাইটিংগেল মোড় থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রাজধানীর পল্টন থানার তিনটি নাশকতার মামলায় হেলালসহ বিএনপির ৩৮ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার তাদেরকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। বাকী ২৭জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এদিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় ভিডিও দেখে ঘটনায় জড়িত ৩০ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘তারা সকলেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।’
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গোয়েন্দা তথ্য ঘটনার কার্যকরণ ও অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে শনাক্ত ৩০ জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত।’
বুধবার ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৬০ জনকে আটক করা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে আরো অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের ওপর আক্রমণটা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের অনেকের পরিচয় পেয়েছি। প্রায় ৩০ জনের মতো শনাক্ত করেছি। বাকিদেরও শনাক্ত করণের কাজ চলছে। তারা সকলেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।’
আছাদুজ্জামান আরো বলেন, ‘তিনটি মামলা হয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে তারা মামলার আসামি হবে, হয়েছে। যারা নির্দেশ দিয়েছে তারা মামলার আসামি হয়েছে। যারা পরিকল্পনা করেছে তারা মামলার আসামি হয়েছে।’ তিনি জানান, ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D