নির্বাচনে যাবে ২৩ দলীয় জোট, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

নির্বাচনে যাবে ২৩ দলীয় জোট, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকটি শুরু হয়।

এর আগে একই বিষয়ে পৃথক বৈঠক করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এবং ২০ দলীয় জোট নেতারা ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্থায়ী কমিটির বৈঠক শেষে সেখানে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্ত তুলে ধরা হয়।

এরপর জোটের শরিকদের মতামত নিয়ে রাত সাড়ে ৮টায় একই কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরু হয়। সেখানে বিএনপির নেতারা ওই দুই বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরবেন ঐক্যফ্রন্টের নেতাদের। এর পর ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট অংশ নেবে কি নেবে না।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগের দুটি বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে মত দিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা এবং ২৩ দলীয় জোটের নেতারা।

তবে তারা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখতে আন্দোলনও চালিয়ে যাবার পরামর্শ দিয়েছেন।