গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছেন বি. চৌধুরী

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছেন বি. চৌধুরী

আগামী ২ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিকল্প ধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

আওয়ামী লীগ কার্যালয় সূত্র জানিয়েছে, রাতেই আমন্ত্রণপত্র নিয়ে প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যাচ্ছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার সন্ধ্যার পর চিঠি পাঠান।

এর আগে মঙ্গলবার বিকেলে বিকল্পধারার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকল্পধারার শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বসার সিদ্ধান্ত নেন।

পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে সংলাপে বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন বি. চৌধুরী।

এদিন সন্ধ্যা ৬টা পর আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বি. চৌধুরীর লেখা চিঠিটি নিয়ে যান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

এরও আগে রবিবার চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

ড. কামালের চিঠির জবাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সংবাদ সম্মেলনে জানান তারা ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণভবনে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার ড. কামাল হোসেনকে চিঠি লিখেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধানসম্মত যে কোনো আলোচনার জন্য তিনি সবসময় প্রস্তুত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পাওয়ার পর মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ড. কামাল হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে ১৬ সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ প্রতিনিধি গণভবনে যাবেন।