৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
পরিবহন শ্রমিকদের অবরোধে মৌলভীবাজারের বড়লেখার পর এবার সুনামগঞ্জে সড়কে মৃত্যু হয়েছে নিউমোনিয়া আক্রান্ত তিনদিনের নবজাতকের। মারা যাওয়া নবজতাক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে পরিবহন ধর্মঘট চলাকালে যানবাহনের অভাবে হাসপাতালে নিয়ে যেতে না পারায় গনিগঞ্জ বাজারেেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে মৃত নবজাতকের পরিবার।
পুলিশ ও নবজাতকের পরিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের তিন দিন আগে এক পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সোমবার দুপুর বেলা ১টার দিকে মইনুল হক তার নবজাতকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে রওনা হন। গ্রামের পাশবর্তী গনিগঞ্জ বাজারে তিনি গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন।
পরে সিএনজি, অটোরিকশা পেলেও ধর্মঘটের অজুহাতে পরিবহন শ্রমিকরা যান চলাচলে বাধা প্রদান করে। অসুস্থ নবজাতককে দেখিয়ে মইনুল যানবাহন নিয়ে সুনামগঞ্জে যাওয়ার অনুরোধ করলে, শ্রমিকরা তাকে উল্টো গালিগালাজ করে এবং গাড়ি ভাংচুরের হুমকি দেয়। পরে সড়কেই নবজাতকের মৃত্যু হয়।
নবজাতকের পিতা মইনুল ইসলাম অভিযোগ করে বলেন, গাড়ি নিয়ে আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে পারলে তার মৃত্যু হত না। অনেক অনুরোধ করলাম কিন্তু শ্রমিকদের মন গলেনি।
পাথারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, নবজাতকের পরিবার অনেকক্ষন সড়কে দাড়িয়েছিল গাড়ির জন্য, কিন্তু ধর্মঘটের কারণে সুনামগঞ্জে যাওয়ার মত কোন যানবাহন পায়নি। যানবাহন পেলে হয়তো বাচ্চাটি বেঁচে যেত। বিষয়টি দুঃখজনক।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, যানবাহন না পাওয়ায় নবজাতকের সড়কেই মৃত্যু হয়। এব্যাপারে কেউ অভিযোগ দেয় নি আমাদের কাছে।
এর আগে রোববার বড়লেখা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের অজমির গ্রামের বাসিন্দা প্রবাসী কুটন মিয়ার ৭দিনের কন্যাশিশুকে নিয়ে যাওয়ার সময় পরিবহন শ্রমিকরা চান্দগ্রামে প্রায় দেড় ঘণ্টা অ্যাম্বুলেন্স আটকে রাখে। এতে চান্দগ্রামে অ্যাম্বুলেন্সের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D