২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮
বিকেলে আফগানদের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে। এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্যও ঈর্ষনীয়।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শোচনীয়ভাবে হারলেও দাপটের সাথেই জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ। জিতেছে টি-টুয়েন্টি সিরিজটিও।
সেই ওয়েস্ট ইন্ডিজ সফরের তরতাজা স্মৃতি নিয়েই সংযুক্ত আরব আমিরাত গিয়েছিল মাশরাফী দল। এশিয়া কাপে ভালো কিছু করার স্বপ্নে রাঙিয়ে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বপ্নটাকে আরো চনমনে করে তুলেছিল বাংলাদেশ। মুশফিকের অসামান্য সেঞ্চুরি, তামিমের বীরত্ব ও বোলারদের বিধংসী পারফরম্যান্সে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা।
কিন্তু পরের দুই ম্যাচে কেমন বদলে গেল সব। স্বপ্নভঙ্গের গল্পই যেন রচিত হলো আফগানিস্তান ও ভারতের বিপক্ষের ম্যাচে।
সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। অথচ সেই ম্যাচেই কি না টাইগাররা হারল ১৩৬ রানের ব্যবধানে।
সুপার ফোরের বাঁচা-মরার ম্যাচে আজ আবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জিতলে সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। আর হারলে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শেষেই নিতে হবে বাড়ি ফেরার প্রস্তুতি।
আফগান স্পিনাররা চোখ রাঙাচ্ছে আজও। তবে অধিনায়ক মাশরাফী হাল ছাড়ার পাত্র নন। জানিয়ে দিয়েছেন, এখনও সুযোগ আছে ফাইনালে যাওয়ার।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমাদের কামব্যাক করার সুযোগ আছে। আফগানিস্তানের বিপক্ষে যদি জিততে পারি, তাহলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ফিফটি-ফিফটি হয়ে যাবে। বলতে পারেন, সেক্ষেত্রে আমাদের ভালো সম্ভাবনাই থাকবে। দেখা যাক।’
সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে হলে প্রথমে জয় করতে হবে আফগান ঘূর্ণির দুর্বোধ্য রহস্যকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D