২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮
বিএনপি’র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ক্ষমতায় থাকতে কৃষিখাত পিছিয়ে পড়েছিল। সার চাওয়ায় কৃষককে হত্যা করেছিল বিএনপি সরকার। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় কৃষি বিষয়ে ব্যবহারিক শিক্ষা পাঠ্যক্রমে থাকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাটিতে হাত দিয়ে চারা রোপণ করলে বা কাজ করলে লজ্জার কিছু নেই। বরং নিজের হাতে বাগান করলে সেই বাগানে যখন একটা ফল হয়, সেটা ছিঁড়ে খেতে আরো বেশি গর্ববোধ হয়।’
কৃষি আমাদের জীবন এবং বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি থেকে ধীরে ধীরে আমরা শিল্পে উন্নীত হব; কিন্তু কৃষিকে বাদ দিয়ে নয়। কারণ, কৃষিই কাঁচামাল আর খাদ্যের জোগান দেবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আধুনিক পদ্ধতিতে চাষবাস শুরু করেছি। কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করছি। এখন হাত দিয়ে চারা রোপণ করা লাগবে না, আমরা মেশিন দিয়ে চারা রোপণ করতে পারব। জমি চাষ করতে পারব, ফসল কাটতে পারব, ফসলকে আলাদা করতে পারব—সবই করা যাবে মেশিন দিয়ে। বিশ্বে গবেষণার মাধ্যমে এগুলো আস্তে আস্তে উঠে আসছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার-১৪২৩ দেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণ, নয়টি রোপ্য এবং ১৮টি ব্রোঞ্জ পদক।
দেশে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মৎস্য অধিদপ্তর স্বর্ণপদকে ভূষিত করা হয়।
ব্যক্তি পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন করে অনুকরণীয় নজির স্থাপনের মাধ্যমে কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলহাজ মো. মকবুল হোসেন এমপি স্বর্ণপদক লাভ করেন।
প্রতিকূল পরিবেশে বাণিজ্যিক ভিত্তিতে কৃষি খামার স্থাপনের জন্য নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কৃষি ও কৃষি সহায়ক গবেষণার মাধ্যমে ফসলের মানোন্নয়ন ও নতুন জাত উদ্ভাবনে কাঙ্ক্ষিত জিন প্রতিস্থাপন পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে কৃষি গবেষণা ক্যাটাগরিতে প্রফেসর রাখহরি সরকার এবং প্রচলিত কৃষিপণ্যের পাশাপাশি অপ্রচলিত কৃষিপণ্য উৎপাদনের স্বীকৃতিস্বরূপ মো. আমিনুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথির বক্তৃতা করেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মইনুদ্দিন আবদুল্লাহ স্বাগত বক্তব্য দেন এবং পদক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D