জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি হানিফ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার আলুবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতার হানিফ মিয়া জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, হানিফ মিয়ার বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত আরও পাঁচটি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নড়াইল সদর থানার বাহিরগ্রাম এলাকার বাসিন্দা সাগরিকা বেগম (৩৯) সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে আসেন। সেখানে নাছরিন বেগম নামে আরেক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা একসঙ্গে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অভিযোগে বলা হয়, জাফলং পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের একটি মাইক্রোবাসে তোলা হয়। পরে তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়।

সেখানে হানিফ মিয়াসহ কয়েকজন তাঁদের ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভারতে পাচারের আশঙ্কা তৈরি হলে দুই নারী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন।

পরে সাগরিকা বেগম জৈন্তাপুর মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট