কোম্পানীগঞ্জে পরীক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

কোম্পানীগঞ্জে পরীক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি উচ্চ বিদ্যালযের এসএসসি পরীক্ষার্থী আজিজুল ইসলামের ওপর নির্যাতনকারী শিক্ষকের বিচার ও প্রত্যাহার দাবিতে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার বেলা ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে ছাত্র নির্যাতনকারী শিক্ষক আজমল আলীর বিচার ও প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেন কোছাপ নেতৃবৃন্দ। একই সময়ে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে কলাবাড়ি-দয়ারবাজার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এদিকে, অভিযুক্ত শিক্ষক আজমল আলীকে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন।
কোছাপ নেতৃবৃন্দ জানান, অভিযুক্ত শিক্ষক আজমল আলী দীর্ঘদিন ধরে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের ওপর শারীরিক ও মানষিক নির্যাতন চালিয়ে আসছে। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। গত শনিবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আজিজুলকে ওই শিক্ষক গাছের ডাল দিয়ে বেদম মারপিট ও অকথ্য গালাগালি করেন। এর ফলে ওই ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়। এ অবস্থায় এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। এ অবস্থায় নৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এ দাবি জানানো হয়েছে।
কোছাপের সভাপতি রূপক চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান, কোছাপের সিনিয়র সহ সভাপতি মোঃ সজিবুল ইসলাম জয়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার রায়হান, ক্রীড়া সম্পাদক তুহিন বক্স, সহ-ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এহসান মাহবুব, মুক্তিযুদ্ধ প্রজন্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত লিটন, সদস্য তোফায়েল আহমদ, সেলিম খন্দকার, বিলাল আহমদ, আরমান, মামুন বিজয়, পাভেল, সাদ্দাম, বিল্লাত, আনোয়ার, সাইফুল, মোহাম্মদ আলী, রুহুল আমিন ও শাহিন আলম প্রমুখ।