|
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে এক নারীর সিজারিয়ান অপারেশনের সময় পেটে তোয়ালে রেখে সেলাই করে দেওয়ার ৩ মাস পর ফের অস্ত্রোপচার করে বের করা হয়েছে। শহরের চাঁদের হাসি হাসপাতালে এ ধরনের অপচিকিৎসার শিকার হয়েছেন মল্লিকা দাস (৩৮) নামে একজন নারী।
গৃহবধূ মল্লিকা আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের সঞ্জিব সরকারের স্ত্রী। তারা শহরের শায়েস্তানগর এলাকায় বাস করেন।
গত ২৩ আগস্ট হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে সিজার করা হয় মল্লিকার। সিজারের কয়েকদিন পর থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকে সে। কোনো মতেই সুস্থ হচ্ছিলেন না তিনি। যতই দিন যাচ্ছিল তার অবস্থার অবনতি হচ্ছিল। ৩ মাসেও তিনি সুস্থ না হওয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার রাতে ফের অস্ত্রোপচার করা হয় তার। এ সময় তার পেট থেকে একটি তোয়ালে বের করা হয়।

চাঁদের হাসি হাসপাতাল
মল্লিকা দাসের স্বামী সঞ্জিব সরকার জানান, ৩ মাস আগে চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক এস কে ঘোষকে দিয়ে তার স্ত্রীর সিজার করায় হাসপাতাল কর্তৃপক্ষ। সিজারের কয়েকদিন পর থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকে সে। দিন যত গড়ায়, ব্যথা তত বাড়তে থাকে।
তিনি বলেন, ‘প্রচন্ড ব্যথা অুনভব করায় বেশ কয়েকদিন পর আবারও চাঁদের হাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় ডাক্তার মল্লিকাকে বেশ কয়েকটি পরীক্ষা দেয়। পরীক্ষায় তার পেটের ভেতরে কিছু রয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে আবারও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার রাতে ডা. আবুল কালামের তত্ত্বাবধানে ফের শহরের সিনেমা হল এলাকার হেলথ কেয়ার ক্লিনিকে মল্লিকার অপারেশন করানো হয়। এ সময় চিকিৎসকরা তার পেটের ভেতর থেকে একটি তোয়ালে বের করেন।’
এ ব্যাপারে ডা. আবুল কালাম বলেন, ‘ওই গৃহবধূর পেটে কাপড় থাকার ফলে ইনফেকশন হয়েছে।’
জানতে চাইলে অভিযুক্ত চিকিৎসক এস কে ঘোষ বলেন, ‘এমনটা তো হওয়ার কথা নয়। তবে ভুলবশত হয়ে থাকতে পারে।’
এ বিষয়ে হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হবিগঞ্জ সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D