সিলেটে আজ ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ : প্রধান অতিথি ডা. শফিক

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

সিলেটে আজ ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ : প্রধান অতিথি ডা. শফিক

জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটজুড়ে সাজ সাজ রব।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় সমাবেশ শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিক কর্মসূচির পর সিলেটে এই আয়োজনের মধ্য দিয়েই বর্তমান দফার কর্মসূচি শেষ হতে যাচ্ছে। সমাবেশ থেকে আসতে পারে নতুন আন্দোলনের ডাক।

সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ব্যাপক প্রচারণা চালিয়েছে জোটের শরিক দলগুলো। শুক্রবার আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকারের সরে আসার প্রবণতা এবং গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতির প্রতিবাদে তারা রাজপথে সোচ্চার হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সমাবেশ কেবল জাতীয় রাজনীতি নয়, বরং সিলেট বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য এবং অবকাঠামোগত বঞ্চনা নিরসনের দাবিতেও সোচ্চার হবে। সিলেটের জনগণের ন্যায্য পাওনা আদায়ে আঞ্চলিক ও জাতীয় রাজনীতির এক সংমিশ্রণ ঘটবে আজকের এই মহাসমাবেশে।

বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। সমাবেশকে সফল করতে সিলেটের চার জেলা থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট