|
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে তথ্য পূরণের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া ভিসা পুনর্বিন্যাসের কাজের অংশ হিসেবে আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে এ পরিবর্তন আনা হয়েছে।
পর্যটক ভিসার নতুন নাম ‘ভিজিটর ভিসা’
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। শুধু পর্যটন নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সেও এ ভিসায় ভারতে যাওয়া যাবে।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, যোগব্যায়াম, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা ও হস্তশিল্পের কোর্সে অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। যোগ্যতা অনুযায়ী এ ভিসা দেওয়া হবে। ভি-১-এর আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে এতে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা থাকবে। এসব ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীর সঙ্গী পাবেন এম-২ এবং এম-৩ ভিসাধারীর সঙ্গী পাবেন এম-৪ ভিসা।
ভারত সরকারের আশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ ও পরবর্তী পরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও এ পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা ভিসা
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২- দুই ভাগে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা থাকবেন।
অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা পেতে পারেন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ব্যবসায়িক ভিসায় নতুন নিয়ম
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২- দুই ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসা দেওয়া হবে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশিদের।
অন্যদিকে, বি-২ ভিসার আওতায় স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম, উৎপাদন ও বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন ও কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল। এখন বি-২ শ্রেণির আওতায় ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে।
১৭২ দেশের নাগরিকেরা পাচ্ছেন ই-ভিসা
বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে এ ভিসা দেওয়া হয়।
নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তনের কাজ করছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।
সংস্কার করা ব্যবস্থায় ভারতের ভিসার প্রধান ৯টি শ্রেণি হবে- ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকেরা থাকবেন। প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D