|
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেতায়েদপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীর এবং আছির উল্লাহর ছেলে কাশেমের মধ্যে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় আলমগীরের পক্ষের মতিউর রহমান সুলফির আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মতিউর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।’
থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D