|
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
বাণিজ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শুরুর ১৩দিন পরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এ অবস্থায় প্রচার-প্রচারণার অভাবে ক্রেতা না আসায় লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।
অবশ্য বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসায় মেলার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে আগামী শনিবার (১৫ আগস্ট) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলাটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের এক পাশে গত ১ আগস্ট সিলেট বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। এদিনই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করার কথা ছিল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর।
ব্যবসায়ীদের অভিযোগ, মেলায় লাখ লাখ টাকা খরচ করে অনেকে স্টল দিয়েছেন। কিন্তু প্রচারণা ও উদ্বোধন না হওয়ায় ক্রেতা-দর্শনার্থীদের কোনো পদচারণা নেই। এ অবস্থায় বেচাকেনা নেই বললেই চলে।
এ নিয়ে বৃহস্পতিবার ১৩ আগস্ট সংবাদ সম্মেলনও করেন ব্যবসায়ীরা। সিলেট নার্সারী মালিক কল্যাণ সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন মেলায় অংশ নেওয়া কয়েকজন নার্সারি ব্যবসায়ী। উদ্বোধন না হওয়া ও প্রচার-প্রচারণার ঘাটতিতে শুরু থেকেই দর্শনার্থী সংকটে ভুগছেন বলে অভিযোগ করেন তারা।
বন্ধু নার্সারির স্বত্বাধিকারী জালাল আহমদ বলেন, অনেক আশা নিয়ে কয়েক লাখ টাকা খরচ করে মেলায় স্টল নিয়েছি। কিন্তু শুরু থেকেই প্রচার-প্রচারণা কম থাকায় দর্শনার্থীর উপস্থিতি আশানুরূপ নয়। ফলে আমাদের বিক্রিও কম হচ্ছে। দ্রুত মেলার উদ্বোধন করে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা প্রয়োজন।
সিলেট নার্সারির মলয় লাল ধর মনে করেন, বৃক্ষমেলার সামাজিক গুরুত্বও এবার উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, বৃক্ষমেলা শুধু গাছ বিক্রির জায়গা নয়, মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিরও একটি মাধ্যম। আগের বছরগুলোতে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি থাকত। এবার তেমন আয়োজন না থাকায় মেলায় মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে। বাকি সময়টুকুতে প্রচার-প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত।
শ্যামল উদ্যান নার্সারির নুরুল কাদের সিদ্দিকি সজল জানান, স্টল বাবদ বিপুল অর্থ ব্যয় হলেও তার তুলনায় বিক্রি হচ্ছে না প্রত্যাশিত হারে। স্টল নেওয়া থেকে শুরু করে পরিবহন, কর্মচারী ও রক্ষণাবেক্ষণে আমাদের কয়েক লাখ টাকা ব্যয় হচ্ছে। কিন্তু দর্শনার্থী কম হওয়ায় কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। এতে আমরা লোকসানের আশঙ্কায় পড়েছি।
আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়া ও মেলার মেয়াদ বাড়ানোর বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল গত ১ আগস্ট। কিন্তু বাণিজ্যমন্ত্রী ব্যস্ত থাকার কারণে সেটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হয়নি। যার ফলে উদ্বোধন ছাড়াই মেলাটি শুরু হয়ে যায়।’
তিনি বলেন, ‘পরবর্তীতে মেলায় সংশ্লিষ্টরা জেলা প্রশাসককে বিষয়টা জানালে তিনি আমাকে বিষয়টি নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে আমি বাণিজ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করলে আগামী ১৫ আগস্ট তিনি উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। তাছাড়া উনার সফরসূচিতে বৃক্ষমেলার উদ্বোধনের বিষয়টি অন্তভুক্তি করা হয়েছেও বলে আমাকে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী।’
তিনি আরও বলেন, ‘যেহেতু ব্যবসায়ীরা লোকসানের কথা বলছেন, সেজন্য আমরা মেলার সময় আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছি।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D