টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ

বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনা এখন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হতে যাচ্ছে। এখন থেকে টোয়াব (TOAB) সদস্যভুক্ত ট্যুর অপারেটরদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় বা টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে পারবেন পর্যটকরা।

এই সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক রোববার (৯ আগস্ট) একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ট্যুর অপারেটরদের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া ও নীতিমালা সহজতর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব ট্যুর অপারেটরের সাথে বিদেশি হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, তারা তাদের গ্রাহকদের হয়ে আবাসন ও পরিবহনসহ প্রয়োজনীয় সেবার বিপরীতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন। নতুন এই নিয়মে একজন ভ্রমণকারীর বিপরীতে বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে

তবে এক্ষেত্রে ট্যুর অপারেটরদের গ্রাহকের পাসপোর্টের বিপরীতে পূর্ণাঙ্গ লেনদেনের তথ্য সংরক্ষণ করতে হবে এবং গ্রাহকের বার্ষিক সীমার অতিরিক্ত লেনদেন হচ্ছে না- মর্মে ঘোষণাপত্র গ্রহণ করতে হবে।

যদি কোনো ভ্রমণ প্যাকেজের মূল্য ৩ হাজার ডলারের সীমা অতিক্রম করে, তবে সেক্ষেত্রে গ্রাহককে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে। ব্যাংকগুলো পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই ডিজিটাল লেনদেনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ইনভয়েস, ভ্রমণসূচি এবং টাকার বিনিময়ে ডলার ক্রয়ের প্রমাণাদি যাচাই করা হবে। এছাড়া ব্যাংকগুলোকে লেনদেনের সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই ব্যবস্থার ফলে লেনদেন প্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা আসবে, তেমনি গ্রাহকদের ভোগান্তিও হ্রাস পাবে। সর্বোপরি, এই উদ্যোগ দেশের ট্যুর অপারেটিং খাতকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট