|
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
সিলেটে দীর্ঘ ১৪ মাস পর আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। নতুন করে একজন রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, ৫৫ বছর বয়সী এই রোগী সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। মূলত হৃদরোগের সমস্যার কারণে তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার প্রক্রিয়ায় নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হলে ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও আইসোলেশনের জন্য তাকে বিশেষায়িত শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেটে সর্বশেষ গত বছরের ১৫ জুন দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এরপর দীর্ঘ ১৪ মাস কোনো নতুন সংক্রমণ ধরা পড়েনি। দীর্ঘ বিরতির পর আবারও ভাইরাসের উপস্থিতিতে জনমনে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে বিশ্বে করোনা মহামারি শুরু হলেও ২০২০ সালের ৫ এপ্রিল ডা. মঈন উদ্দিনের মৃত্যুর মাধ্যমে সিলেটে এই ভাইরাসের ভয়াবহতা প্রকাশ্যে আসে। ২০২১ সালে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে সিলেট বিভাগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, বিভাগে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার সিংহভাগই সিলেট জেলার বাসিন্দা। দীর্ঘ বিরতির পর নতুন এই সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D