ওসমানীনগরে বাস দুর্ঘটনায় মামলা, বাতিল হলো রেজিস্ট্রেশন

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

ওসমানীনগরে বাস দুর্ঘটনায় মামলা, বাতিল হলো রেজিস্ট্রেশন

সিলেটের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপারের মধ্যকার ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে নিহত সাদমান জাহাঙ্গীর সৌরভের বড় ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দুই বাসের চালককে আসামি করে ওসমানীনগর থানায় এই মামলা করেন।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাস দুটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বিআরটিএ। একইসঙ্গে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে দুর্ঘটনার ব্যাখ্যা দিতে দুই বাসের মালিক ও চালককে নির্দেশ দিয়েছেন সিলেট বিআরটিএ-র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

দুর্ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে অনুদান ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি জানান, নিহতদের পরিবারকে ৫ লাখ, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে মোট ৯ জনের মৃত্যু হয়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত আরও ২৪ জনের মধ্যে ১৪ জন বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট