|
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে মেশিনে কার্ড আটকে যাওয়ার বিড়ম্বনা এখন অতীত হতে চলেছে। গ্রাহকদের লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে দেশে প্রথমবারের মতো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) বা স্পর্শহীন প্রযুক্তির এটিএম সেবা চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। এই নতুন ব্যবস্থার ফলে এখন থেকে এটিএম বুথে কার্ড প্রবেশ না করিয়েই শুধু স্পর্শ বা ‘ট্যাপ’ করার মাধ্যমেই টাকা তোলা, জমা দেওয়া ও অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করা সম্ভব হবে।
প্রচলিত এটিএম বুথগুলোতে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করানোর পর পিন নম্বর দিতে হয়। অনেক সময় বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে কার্ডটি মেশিনের ভেতরে আটকে যায়, যা গ্রাহকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের বুথে ব্যবহারের সময় এই ঝুঁকি বেশি থাকে।
সিটি ব্যাংকের নতুন এই প্রযুক্তিতে কার্ডটি মেশিনের নির্ধারিত স্থানে স্পর্শ করালেই গ্রাহক শনাক্ত হবে এবং এরপর পিন টাইপ করে দ্রুত লেনদেন সম্পন্ন করা যাবে। সিটি ব্যাংক ইতোমধ্যে সারা দেশে প্রায় ৭০-৮০টি এনএফসি প্রযুক্তির এটিএম স্থাপন করেছে।
এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো নিরাপত্তা। প্রথাগত বুথগুলোতে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরির ভয় থাকলেও এনএফসি প্রযুক্তিতে সরাসরি সংকেত আদান-প্রদান হওয়ায় তথ্য ক্লোনিং বা চুরির সুযোগ নেই বললেই চলে। এছাড়া বারবার মেশিনে কার্ড প্রবেশের ফলে ম্যাগনেটিক স্ট্রিপ বা চিপের যে ক্ষয়ক্ষতি হয়, স্পর্শহীন পদ্ধতিতে তা থেকে কার্ড রক্ষা পাবে।
সিটি ব্যাংকের এই উদ্ভাবনী সেবার সুফল পাবেন দেশের সব ব্যাংকের গ্রাহকই। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় অন্য যেকোনো ব্যাংকের গ্রাহক সামান্য চার্জ প্রদান সাপেক্ষে এই বুথগুলো ব্যবহার করতে পারবেন।
ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার জানান, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও দ্রুততম সময়ে লেনদেনের কথা মাথায় রেখেই এই প্রযুক্তি আনা হয়েছে এবং ভবিষ্যতে তাদের নেটওয়ার্কের সব এটিএম এই প্রযুক্তিতে রূপান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D