সিলেট মহানগর মহিলা জামায়াতের আলোচনা সভা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬

সিলেট মহানগর মহিলা জামায়াতের আলোচনা সভা

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরেও মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। এজন্য নারীদেরক আরো বেশী স্বোচ্চার হতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা সময়ের দাবি।

তিনি শুক্রবার (৭ আগস্ট) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ৫৫০ জন নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট সদরের জুলাই শহীদ মোস্তাকের মাকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি তাঁর বক্তব্যে বলেন, “মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি। জুলাইয়ের শহীদ আবু সাঈদ, আবু তোরাব, মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগ আমাদের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা তখনই নিশ্চিত হবে, যখন দেশে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, মৌলিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনা, শহীদ ও আহতদের ত্যাগ, জনমানুষের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পেশাজীবী থানার সেক্রেটারি শাহিদা খানম শিল্পী। তেলাওয়াতের তরজমা উপস্থাপন করেন মেডিকেল ওয়ার্ডের টিম মেম্বার ডা. তানজিনা রশিদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারাম ফৌজিয়া রহমান শিউলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী। জুলাইযোদ্ধা ও মেডিকেল শিক্ষার্থী তানিয়া আক্তার প্রিয়া আন্দোলনের সময়কার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

মায়েদের পক্ষ থেকে মুহতারাম মুসাম্মাৎ শামসুন্নাহার জুলাইয়ের স্মৃতি ও তাঁর সন্তান মাহমুদ হাসানের চোখ হারানোর বেদনার কথা তুলে ধরে বলেন, তাঁরা আর কোনো সন্তানের অঙ্গহানি কিংবা কোনো মায়ের কোল খালি দেখতে চান না।

সদর থানার জুলাই শহীদ মোস্তাক আহমদের মা মায়া বেগম তাঁর সন্তান হারানোর হৃদয়বিদারক স্মৃতি তুলে ধরেন। রওশন জাহান ছাত্রিসংস্থার প্রাক্তন সদস্যা হিসেবে কারাবরণের অভিজ্ঞতা ও সে সময়ের কষ্টের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, জুলাই বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, দলীয় গান ও অভিনয় পরিবেশন করা হয়। পাশাপাশি জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এছাড়া পূর্বে আয়োজিত আন্তঃথানা দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শ্রমিক কল্যাণ থানা, দ্বিতীয় স্থান অধিকার করে মেডিকেল ওয়ার্ড এবং তৃতীয় স্থান অধিকার করে বিমানবন্দর থানা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট