সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল এবং এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ (সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন।

শনিবার (১ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে এ ঝটিকা বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব মামলা দায়েরের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, শেখ হাসিনার নামে দায়ের করা ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা প্রত্যাহারের দাবিতেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলের ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জন নামীয় আসামির পাশাপাশি আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মিছিলটি গত শনিবার অনুষ্ঠিত হয়েছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট