হবিগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

হবিগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী সুনামগঞ্জে উদ্ধার, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি ফয়সল মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-৯। একই অভিযানে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-৩ সুনামগঞ্জের যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফয়সল মিয়া (২২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাগমনা গ্রামের ইলাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় ছয় মাস ধরে ফয়সল মিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানাজানি হলে গত ১৭ মে ২০২৬ তারিখে ফয়সলকে ভাড়াটিয়া হিসেবে থাকা বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

এর ধারাবাহিকতায় গত ১৮ মে সকালে ভিকটিম মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ফয়সল ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রধান আসামিকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত ছাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

এ তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট