|
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান (৪০) নামে এক যুবক মারা গেছেন।
হামলার ১৫ দিন পর শুক্রবার (৩১ জুলাই) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আজিজুর রহমান কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ (নারাইনপুর) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলার শিকার হন আজিজুর রহমান। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন প্রথমে তাকে গাছবাড়ী বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা মোছা. করিবুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, আলমগীর, বাবলু আহমদ, হেলাল আহমদ, বিলাল আহমদ, জুনেদ আহমদ, জাহেদ আহমদ, রাজু আহমদ, নাহিয়ান আহমদ, ইয়াহিয়া আহমদ ও আব্দুর রহিম। তাদের সবার বাড়ি একই উপজেলার আগফৌদ (নারাইনপুর) গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও বাধা দেওয়ায় তারা আজিজুর রহমানের ওপর ক্ষুব্ধ ছিল এবং দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আজিজুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনার পরপরই এ বিষয়ে মামলা হয়েছে। আজ আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D