|
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘তবুও আমরা তারেক রহমানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবো না।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিলেটের বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চারটি বিষয় পরিহারের আহ্বান জানানো হয়েছিল উল্লেখ করে পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম তারেক রহমানকে চারটা পথ পরিহার করতে হবে। এক নাম্বার হল বাংলাদেশে চাদাবাজি পরিহার করতে হবে। দুই নাম্বার সন্ত্রাস পরিহার করতে হবে। তিন নাম্বার দখলদারী প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, যদি প্রতিহত করতে না পারেন বলেন বাবারা চালাতে আর পারি না, আজকে আপনি পদত্যাগ দিয়ে দেন, আমরা ক্ষমতা চালাইতে পারব।
সমাবেশে উপস্থিত জনতাকে নিয়ে তিনটি বিষয়ে অনড় থাকার শপথ পাঠ করান পাটওয়ারী। প্রথমত, জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার অঙ্গীকার করানো হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে ১৪০০ ভাইয়ের লাশ কবরে চলে গিয়েছে, শহীদ হয়েছে। আমরা বাংলাদেশে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না।
দ্বিতীয়ত, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করানো হয়। তৃতীয়ত, ওসমান হাদি নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডের বিচারের দাবিতেও শপথ পাঠ করানো হয়। এ বিষয়ে তিনি বলেন, আমাদের আজাদির সূর্য, প্রাণপুরুষ শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।
বক্তব্যের শেষ দিকে তরুণ প্রজন্মের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, আমরা ৪০০ মারলে ১৪০০ প্রস্তুত আছি, ১৪০০ মারলে কোটি কোটি বাংলার লক্ষ তরুণ রাজপথে প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য। তবুও আমরা তারেক রহমানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবো না।
শহীদদের প্রতি করা অঙ্গীকার কোনো ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা হবে না জানিয়ে তিনি বলেন, এই অঙ্গীকার নামার কাছে আমরা কোন পদের কারণে, কোন টাকার কারণে, দুনিয়াবী কোন স্বার্থের কারণে আমরা বিক্রি করব না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D