বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের দিনমজুর রিয়াছত আলীর কন্যা।

সুমাইয়ার পিতা রিয়াছত আলী বলেন, “বুধবার সকালে সুমাইয়া ও তার এক ছোট বোনকে বাড়িতে রেখে এবং অন্যান্য ছোট ভাইদের সাথে নিয়ে পাশের বাড়িতে বাঁশ কাটার কাজে যান তার পিতা-মাতা। দুপুরের দিকে ছোট বোনকে ঘরের বাইরে ভাত খেতে দিয়ে নাকি ঘরের দরজা বন্ধ করে দেয় সুমাইয়া। এসময় ঘরের বাইরে থাকা ছোট বোন সুমাইয়াকে অনেক ডাকাডাকি করলেও সে (সুমাইয়া) এতে কোন প্রকারের সাড়াশব্দ করেনি। এতে সুমাইয়ার বোন ভয়ে কান্না করতে করতে দৌড়ে আমাদের (স্বামী-স্ত্রী) কাছে গিয়ে বিষয়টি জানায়। তার কান্নার আওয়াজে আশেপাশের লোকজনও সেখানে ছুটে আসেন। আশপাশের লোকজন’সহ আমরা বাড়িতে আসার পরও সুমাইয়ার সাড়াশব্দ না পেয়ে বসতঘরের পেছনের রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখতে পান তারা। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষণা দেন।”

কিশোরী সুমাইয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোট আসার পরই কিশোরী সুমাইয়ার মৃত্যুর আসল রহস্য উৎঘাটন হবে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট