|
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানে চিকিৎসায় অবহেলায় এক নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা দুই দিন কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপক ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।
নিহত শ্রমিকের নাম নমী রবি দাস (২৮)। তিনি ফতেহবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক সুকুমার রবি দাসের স্ত্রী।
শ্রমিক ও পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার (২৭ জুলাই) সকালে নমী রবি দাসের হাত-পা ফুলে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে বাগান ব্যবস্থাপক নূর আহমদের কাছে গেলে তিনি ওষুধের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে পরিবারের অভিযোগ, পরবর্তীতে বাগান কর্তৃপক্ষ যথাযথ ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করেনি। রাত আনুমানিক ৩টার দিকে নমী রবি দাস মারা যান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা কাজে যোগ না দিয়ে বাগান কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন। পরে ব্যবস্থাপক ও চিকিৎসায় অবহেলায় জড়িতদের অপসারণের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়ে কাজে ফেরার ঘোষণা দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি নিরসনে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকরা আগামী তিন দিনের মধ্যে ম্যানেজার নূর আহমদ ও স্বাস্থ্য সহকারীর অপসারণের দাবি জানান। দাবি মানা হলে বুধবার থেকে কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেন তারা।
বৈঠকে মালিকপক্ষে ম্যানেজার নূর আহমদ, টিলা বাবু টিংকু সূত্রধর, সেকেন্ড টিলা বাবু সাইফুল ইসলাম ও হেড ক্লার্ক শর্মা বাবু উপস্থিত ছিলেন। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালীর সভাপতি কমল দে, সেক্রেটারি রতন চন্দ্র, পঞ্চায়েত কমিটির সভাপতি আমির হোসেন, সেক্রেটারি নিবারনসহ শ্রমিক সাদেক, সুমন ও লিটন নায়েক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D