সুনামগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সুনামগঞ্জ সদর উপজেলায় শিশু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২৬ জুলাই) সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদেকপুর (বুড়িস্থল) এলাকায় অভিযুক্তের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আটককৃত সাইফুল হক ওই এলাকার সমরু মিয়া ও হাজারা বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা পৌর শহরের নতুন হাসননগর এলাকায়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সাইফুল। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতেনাতে অভিযুক্ত সাইফুলকে আটক করে উত্তমমধ্যম দেয়।

​ঘটনার বিবরণ পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) তাৎক্ষণিকভাবে পুলিশের উপ পরিদর্শক ( এসআই) অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ দ্রুত পৌঁছে আহত অবস্থায় অভিযুক্ত সাইফুলকে নিজেদের জিম্মায় নেয়। একই সাথে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

​পুলিশ সূত্রে আরও জানা গেছে, গণধোলাইয়ে আহত আসামি সাইফুলকে পুলিশ হেফাজতে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে এবং ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

​তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট