২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
সোমবার (২০) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। জলপ্রপাতের দুর্গম পাহাড়ি পথে যাওয়ার সময় দলের এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযান শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অন্য নয়জন পর্যটক সুস্থ রয়েছেন।
স্থানীয় প্রশাসন জানায়, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের পথে পাথর ও পাহাড়ি ছড়া পিচ্ছিল হয়ে যায়। এ সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দলবদ্ধভাবে চলাচল এবং জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই আমরা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পর্যটককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
শ্রীমঙ্গল ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম বলেন, ১০জন ট্যুরিষ্টকে আমরা যৌথ উদ্যোগে উদ্ধার করি। তারমধ্যে একজন আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেওয়া হয়,পরে সবকিছু শেষে তারা নিজ গন্তব্যে রওনা দেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, ‘হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত দুর্গম ও পিচ্ছিল। তাই পর্যটকদের অবশ্যই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নিয়ে ভ্রমণ করা উচিত।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D