সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল : ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল : ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এসএমপি পুলিশ।

শনিবার রাত ও রোববার ভোরে মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন এজাহারভুক্ত এবং ৩ জন সন্দেহভাজন আসামি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গত শুক্রবার ভোরে এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের রাস্তা থেকে শাহী ঈদগাহ এলাকা পর্যন্ত ২৫-৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। নিষিদ্ধ সংগঠনের এই মিছিলের খবর পাওয়ামাত্রই পুলিশ জড়িতদের শনাক্তে কাজ শুরু করে এবং বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সিলেট মহানগরীর উত্তর বালুচর আলইসলাফ এলাকার মৃত প্রবিত্র চন্দ্র দাসের ছেলে সুবাস চন্দ্র দাস (৩২), একই এলাকার মৃত ইফরান আলীর ছেলে মো শাহনুর আলী (৪২), বালুচর এলাকার মো. গাজী মিয়ার ছেলে মো. শাকিল (২০), মেজরটিলার মোহাম্মদপুর এলাকার মো. মলমের ছেলে মুয়াদ আহমদ মাহিব (২৪), নিপবন এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মেজরটিলা ইসলামপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. সাগর আহমদ (২৬) এবং মোগলাবাজার থানার আলমপুরের শাহা মঞ্জিল এলাকার শাহা আলমের ছেলে সাব্বির আহমেদ শাকিল (২৫)।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে নগরীর প্রধান সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন এবং দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, এই মিছিলটি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও রঞ্জিত সরকারের অনুসারীদের মাধ্যমে পরিচালিত হয়েছে।

গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট