২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে দেশে ফের একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। ছাত্র-জনতা তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দিবেনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সর্বাত্নকভাবে সফল করতে হবে। সমাবেশ সফল করতে সিলেট মহানগর ও বিভাগের ৪ জেলা নেতৃবৃন্দকে ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তাই জামায়াত দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সমাবেশকে সফল করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। দেশ ও মানুষের স্বার্থে দেশপ্রেমিক জনতার ঐক্যকে আরও সুসংহত করতে হবে। প্রত্যেক পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তিনি রোববার (১৯ জুলাই) বিকেলে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগীয় জামায়াতের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সিলেট মহানগর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা জামায়াতের শীর্ষ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন, ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, হাফিজ আনওয়ার হোসাইন খান ও সেক্রেটারী জয়নাল আবেদীন, সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ শামসুদ্দিন, হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারী ইয়ামির আলী প্রমূখ।
সভায় আসন্ন ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাবেশ সফল করতে সিলেট বিভাগের সকল জেলা ও মহানগর আওতাধিন সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল হবে।
প্রসঙ্গত-আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।
এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D